ডেস্কটপ পিসি সংযোজন পদ্ধতি/উপসংহার
আপনি যদি সত্যিই নিজের কম্পিউটার তৈরির কথা চিন্তা করে থাকেন তাহলে সম্ভবত এই বইটি একবার হলেও পড়েছেন। আশা করি, এই বইটি আপনাকে নিজের কম্পিউটার বানানোর কাজে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে। বইজুড়ে আমরা চেষ্টা করেছি সাধারণ কিছু ভুল এড়ানোর এবং পিসি সংযোজনের সময় যেসব নিরাপত্তার বিষয় মাথায় রাখা দরকার সেগুলো সম্পর্কে আপনাকে সচেতন করতে। এই সতর্কতাগুলো দিতে গিয়ে হয়তো কাজটির ঝুঁকি ও জটিলতা কিছুটা বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। কম্পিউটার তৈরি করতে গিয়ে বড় কোনো দুর্ঘটনার ঝুঁকি সাধারণত থাকে না। এমনকি বেশিরভাগ মানুষই প্রথমবার পিসি বানানোর সময় কোনো যন্ত্রাংশ নষ্ট না করেই সফলভাবে কাজটি শেষ করতে পারেন। সামান্য পরিকল্পনা থাকলে আর স্ক্রু ড্রাইভার ব্যবহারের সাধারণ জ্ঞান থাকলে যে কেউ একটি আস্ত কম্পিউটার তৈরি করে ফেলতে পারবেন।
বাজার থেকে কিনে আনা পিসির চেয়ে নিজের হাতে তৈরি কম্পিউটারের আবেদন আপনার কাছে সবসময়ই একটু বেশি থাকবে। এর বড় কারণ হলো, পুরো বিষয়টি আপনি নিজের পরিকল্পনা মতো তৈরি করেছেন; আর আগামী কয়েক বছর ধরে আপনি নিজেই এটি প্রয়োজন অনুযায়ী আপগ্রেড করবেন। প্রতিবার পিসিটি চালু করার জন্য যখন পাওয়ার বাটনে চাপ দেবেন, তখন আপনার অজান্তেই মনে এক ধরনের তৃপ্তি কাজ করবে। আপনার দেওয়া শ্রম আর সময়ের বিনিময়ে এই সামান্য হাসিটুকুই হতে পারে সবচেয়ে বড় পুরস্কার।
পরিশেষে বলা যায়, আপনি নিজে কম্পিউটার তৈরি করতে গিয়ে নিশ্চিতভাবেই এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হবেন যা আমরা হয়তো এখানে উল্লেখ করিনি। হতে পারে সেটি এমন কোনো সমস্যা যা আমাদের ধারণায় ছিল না কিংবা আমাদের বাদ পড়ে যাওয়া কোনো তথ্য অথবা সাম্প্রতিক সময়ের কোনো কারিগরি পরিবর্তন। এমন কিছু ঘটলে দয়া করে এখানে ফিরে এসে তথ্যগুলো যোগ বা সংশোধন করতে সাহায্য করবেন। অবদান রাখার জন্য আপনাকে সবকিছু জানতে হবে না; আপনার জানা একটিমাত্র সঠিক তথ্যই যথেষ্ট। এই নির্দেশিকাটি যদি আপনার সামান্যতম উপকারেও আসে, তবে এই সংশোধন বা সংযোজনটুকুই হতে পারে আপনার পক্ষ থেকে এর প্রকৃত প্রতিদান।