চর্যাপদ ও বৈষ্ণব পদাবলীর তুলনামূলক আলোচনা
চর্যাপদ বাংলা সাহিত্যের সূচনাবিন্দু এবং বৈষ্ণব পদাবলী মধ্যযুগীয় ভক্তিবাদের পূর্ণ পরাকাষ্ঠা। এই দুই কাব্যধারার তুলনামূলক বিশ্লেষণ বাংলা সাহিত্যের ভাষা, ধর্ম, দর্শন, রস, উদ্দেশ্য ও শিল্পরীতির ক্রমবিকাশের একটি ধারাবাহিক রূপকে প্রকাশ করে।
ঐতিহাসিক পটভূমি
[সম্পাদনা]চর্যাপদের রচনাকাল খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে; এটি পাল-সেন যুগের প্রেক্ষাপটে রচিত বৌদ্ধ সহজযানী সাধনসংগীত। অন্যদিকে বৈষ্ণব পদাবলীর বিকাশ ঘটে চতুর্দশ থেকে সপ্তদশ শতকের মধ্যে; প্রধানত চৈতন্য-প্রচারিত ভক্তিবাদের সঙ্গেই এই ধারার প্রত্যক্ষ যোগ। ফলে চর্যাগীতিতে পাওয়া যায় বৌদ্ধ গুহ্যসাধনার কথা; অন্যদিকে বৈষ্ণব পদাবলীতে প্রেমাভক্তির সাধায্যে ঈশ্বরলাভের কথাই উচ্চারিত হয়।
ধর্মতাত্ত্বিক ভিত্তি
[সম্পাদনা]চর্যাপদ মূলত বৌদ্ধ সহজতত্ত্ব-নির্ভর। সিদ্ধাচার্যেরা দেহসাধনার মাধ্যমে সাধ্যবস্তু সহজমহাসুখ লাভের তত্ত্বই এই গানগুলিতে বলেছেন। সাধ্যবস্তু ও সাধনতত্ত্ব-সম্পর্কিত এই ধারণার সঙ্গে মিশে আছে বৌদ্ধ দার্শনিকদের অভিমত। অন্যদিকে বৈষ্ণব পদাবলী গৌড়ীয় বৈষ্ণবতত্ত্বের রসভাষ্য—যা প্রেমের কবিতা থেকে ক্রমে প্রেমাভক্তির কবিতা হয়ে উঠেছে। চৈতন্যরূপ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে তাঁর হ্লাদিনী শক্তি রাধার পরকীয়া প্রেমই জীবাত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক এই কাব্যে। কালক্রমে এই ধারায় যুক্ত হয় অবতারবাদ-প্রসূত গৌরাঙ্গ-মহিমা; মধুর রসের সঙ্গে এসে মেশে যশোদা-কৃষ্ণের বাৎসল্যরসাত্মক আখ্যান এবং কৃষ্ণসখাদের সখ্যরসাত্মক গোষ্ঠলীলার গানও।
উদ্দেশ্য
[সম্পাদনা]চর্যাগীতিগুলি সিদ্ধাচার্যদের আচরণীয়-অনাচরণীয় কৃত্যের বিধান হলেও এতে সমাজজীবনের রূপকচিত্রের আড়ালেই সিদ্ধ-কবি লুকিয়ে রেখেছেন গুহ্যাতিগুহ্য সহজতত্ত্ব। এইসব গোপন সাধনসংগীত সর্বসাধারণের বোঝার জন্য রচিত হয়নি। কিন্তু বৈষ্ণব পদাবলীর মূল উপজীব্য ভক্তিতত্ত্ব। চৈতন্যযুগে এই সাহিত্য সাধারণের কাছে ঈশ্বরপ্রেম এবং ভক্তির মাধ্যমে সমাজমুক্তির বার্তা পৌঁছে দিয়েছিল পরোক্ষে। মানুষের সুকুমার হৃদয়ানুভূতিকে অবলম্বন করে ঈশ্বরানুভূতিই এখানে মুখ্য হয়ে উঠেছে।
ভাষা ও রূপ
[সম্পাদনা]চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা—মাগধী অপভ্রংশ থেকে আদি বাংলায় উত্তরণের নমুনা। এতে শৌরসেনী বৈশিষ্ট্যের সংমিশ্রণও ঘটেছে। এই ভাষা ‘সন্ধ্যাভাষা’—আলো-আঁধারির ভাষা, যা সাধারণের থেকে তন্ত্রোক্ত গুহ্য-সংকেতাদিকে গোপন রাখার জন্য নানা প্রতীকের আশ্রয় গ্রহণ করেছে। অন্যদিকে বৈষ্ণব পদাবলীর ভাষা হয় মধ্যযুগীয় বাংলা, নয় ব্রজবুলি। এই ভাষা একাধারে স্পষ্ট ও সহজবোধ্য এবং কোমল, গীতিময়, রসাত্মক, সুরেলা ও হৃদয়গ্রাহী।
বিষয়বস্তু ও ভাব
[সম্পাদনা]চর্যায় দেহতত্ত্ব, নির্বাণতত্ত্ব, সহজসাধনা সবই রূপকের আড়ালে লুকানো। নৌকা, হরিণ, শবরী, রবিশশী ইত্যাদি প্রতীকে বৌদ্ধদর্শনের নানা তত্ত্বই চিত্রিত হয়েছে। অন্যদিকে বৈষ্ণব পদাবলীতে রাধাকৃষ্ণের প্রেমই সারকথা। এই প্রেম একদিকে মানবহৃদয়ের আকুলতাকে প্রকাশ করে, এবং অন্যদিকে প্রেমাভক্তির সাহায্যে ঈশ্বরলাভের তত্ত্বটিকে প্রচার করে।
রস ও চেতনা
[সম্পাদনা]গুহ্য ধর্মতত্ত্ব চর্যাপদের মূল উপজীব্য হলেও মানবিক ও সামাজিক জীবনের চিত্রও এই গানগুলিতে দুর্লভ নয়। বিমূর্ত বৌদ্ধতত্ত্ব এখানে জীবন থেকে গৃহীত রূপকের নান্দনিকতায় মূর্তিলাভ করেছে। নৌকা বাওয়া, হরিণ শিকার, নগর-উপকণ্ঠে ডোম্বীর কুটির ইত্যাদি বাস্তবচিত্রের আড়ালে লুকানো গুহ্য-সাধনতত্ত্বের বিবরণ এই গানে রসাভাস সৃষ্টি করেছে। বৈষ্ণব পদাবলীতে পাঁচ প্রকার রস দেখা যায়, যথা: শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস এবং মধুররস। বিদ্যাপতির প্রার্থনা ও আত্মনিবেদনের পদে শান্ত ও দাস্যরস, গোষ্ঠলীলা ও বাৎসল্যলীলার পদে সখ্য ও বাৎসল্যরসের প্রভাব। তবে সামগ্রিকভাবে রাধাকৃষ্ণের প্রণয়কথায় মধুররসই প্রধান। এইভাবে পাঁচ রস বৈষ্ণব পদাবলীর বিভিন্ন আবেগ ও ভক্তির স্তরকে ব্যক্ত করে, যা এই ধারা সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য।
শিল্পরীতি ও গীতিমাধুর্য
[সম্পাদনা]চর্যাপদ গীতিধর্মী; পাদাকুলক, পজ্ঝড়ি, অড়িল্লা, দোহাজাতীয় ছন্দ, উল্লালা ইত্যাদি ছন্দে ও নানাপ্রকার মিশ্রছন্দে রচিত এবং পটমঞ্জরী, গবড়া, গউড়া, ভৈরবী, বরাড়ী ইত্যাদি নানা রাগে গেয়। এই কাব্যের মাধ্যমেই সুচারু ছন্দ-অলংকারে সমৃদ্ধ গীতিকবিতার আদি সূত্রপাত। বৈষ্ণব পদাবলীও গীতিকাব্য—সেখানে পয়ার, ত্রিপদী ইত্যাদি ছন্দ, নানা রাগরাগিণী ও তাল-লয়ের রমণীয় সমাহারে কীর্তনের সুর পদগুলিকে পূর্ণাঙ্গ গীতিকাব্যের আকার প্রদান করে।
সমাজ ও জীবনদর্শন
[সম্পাদনা]চর্যাগীতি শবর, তাঁতি, জেলে, মদ্যপ প্রভৃতি সমাজের নীচুতলার নরনারীর গ্রামীণ জীবনকে আশ্রয় করে রচিত। এখানে দারিদ্র্য, সামাজিক বৈষম্য ও মানুষের দুঃখকষ্ট সবই ধর্মীয় রূপকে রূপান্তরিত। বৈষ্ণব পদাবলী কিন্তু ভক্তহৃদয়ের কল্পনার জগৎ—সেখানে বৃন্দাবনের প্রকৃতি, গোপীপ্রেম, কৃষ্ণলীলা এবং সর্বোপরি চৈতন্য-প্রচারিত প্রেমাভক্তির তত্ত্বই মূল উপজীব্য। সমাজবোধ নয়, মানুষের অন্তর্জগৎই এখানে মুখ্য।
নারীর প্রতিচ্ছবি
[সম্পাদনা]চর্যাগীতিতে নারী কখনও দেবী নৈরাত্মা, কখনও বা দেহতত্ত্বের প্রতীক রূপে গৃহবধূ বা ডোম্বী। এই নারী কখনও পূর্ণ-স্বাধীন, কখনও দুঃখিনী শ্রমজীবী, কখনও বা গুরুস্থানীয়া। কিন্তু বৈষ্ণব পদাবলীতে নারী রাধারূপে অনন্ত প্রেমের প্রতীক। তিনি পরমাত্মার অভিসারিকা, ঈশ্বরপ্রেমের মূর্তিস্বরূপা।
দার্শনিক দৃষ্টিভঙ্গি
[সম্পাদনা]চর্যাপদে নাস্তিক্য বৌদ্ধদর্শনের শূন্যবাদের প্রভাব দেখা যায়: চিত্তবৃত্তি নিরোধের মাধ্যমে সহজমহাসুখ অর্জনই এখানে লক্ষ্য, ঈশ্বরলাভ নয়। বৈষ্ণব পদাবলীর দার্শনিক ভিত্তি চৈতন্যদেব প্রচারিত অচিন্ত্যভেদাভেদ তত্ত্ব—জীবাত্মা ও পরমাত্মার ভেদত্ব ও অভেদত্ব সেখানে চিন্ত্যনীয় নয়, শুধু প্রেমাভক্তিই প্রেমিক-ভক্তের প্রধান অবলম্বনীয়।
নন্দনতাত্ত্বিক অতীত ও প্রভাব
[সম্পাদনা]বাংলা কাব্যের প্রথম দিকনির্দেশক চর্যাগীতিগুচ্ছ। এই কাব্যের প্রভাব দেখা যায় পরবর্তীকালের নাথসাহিত্য, মঙ্গলকাব্য, বাউল ও সুফি সংগীতে। অন্যদিকে বৈষ্ণব পদাবলী শুধুমাত্র মধ্যযুগীয় বাংলা গীতিকবিতার উচ্চতম শিখর নয়, জনপ্রিয়তার দিক থেকেও অপ্রতিরোধ্য। একাধারে ধর্মসাহিত্য ও প্রেমকাব্য বৈষ্ণব পদাবলীর প্রভাব আধুনিক কালে রবীন্দ্রনাথ ও নজরুলের কাব্য-সংগীতেও সুস্পষ্ট।
উপসংহার
[সম্পাদনা]চর্যাপদ ও বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের দুই প্রান্তরেখা—একটি জন্মের, অন্যটি মধ্যযুগীয় সমৃদ্ধির। চর্যায় মানবজীবনের রহস্য তত্ত্বে রূপায়িত; বৈষ্ণব পদাবলীতে মানবমনের প্রেমময় রূপকল্পের সৃজন। চর্যায় সহজমহাসুখই শেষ কথা, বৈষ্ণব পদাবলীতে প্রেমই একমাত্র সারসত্য। তাই চর্যাপদে যেখানে বৌদ্ধিক সাধনার চিত্র দ্বারা বাংলা সাহিত্যের সূত্রপাত, বৈষ্ণব পদাবলীতে প্রেমসাধনায় মধ্যযুগীয় বাঙালির মানস পরিতৃপ্তি।