বিষয়বস্তুতে চলুন

উইকিশৈশব:বিখ্যাত ভারতীয়/শাহজাহান

শাহজাহান


(১৫৯২ - ১৬৬৬)

শাহজাহান ছিলেন ভারতের ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট। পিতার নাম জাহাঙ্গির, মাতা মানমতি বাই। ১৬২৮ থেকে ১৬৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতীয় উপমহাদেশের শাসক ছিলেন। 'শাহজাহান' নামটা এসেছে ফার্সি ভাষা থেকে। যার অর্থ 'পৃথিবীর রাজা'। সিংহাসনে আরোহণ করার পূর্বে তাঁর নাম ছিল খুররম।

জন্ম ও ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৫৯২ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি অধুনা পাকিস্তানের লাহোরে শাহজাহানের জন্ম হয়। ১৬২৭ খ্রিস্টাব্দে পিতা জাহাঙ্গিরের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন। তবে তাঁর সিংহাসনলাভ মসৃণ ছিল না। শাহজাহান ছিলেন তাঁর বিমাতা সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসফ খানের জামাতা, অর্থাৎ শাহজাহানের প্রধান সম্রাজ্ঞী বেগম মুমতাজ মহল ছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের ভাইঝি। জাহাঙ্গিরের মৃত্যুর পর শাহজাহান তাঁর কনিষ্ঠ ভ্রাতা শাহরিয়ার মির্জাকে যুদ্ধে পরাজিত করে আগ্রা দুর্গে নিজেকে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন। শাহরিয়ার ছাড়াও তাঁর সিংহাসনের অন্যান্য প্রতিদ্বন্দ্বীকে তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন। শাহজাহানের চারজন বিবাহিতা বেগম এবং এগারো জন উপপত্নী ছিলেন। এঁদের মধ্যে প্রধানা বেগম সম্রাজ্ঞী মুমতাজ মহলকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। মুমতাজ মহলের মোট চোদ্দো জন সন্তান-সন্ততি ছিল। শাহজাহানের উত্তরসূরি সম্রাট ঔরঙ্গজেব মুমতাজ মহলের তৃতীয় পুত্র ছিলেন।

শাসনকাল

[সম্পাদনা]

শাহজাহানের রাজত্বকালে মুঘল বাহিনীর সৈন্য সংখ্যা দশ লক্ষে উন্নীত হয়। সেই সময় মুঘল ভারত বিশ্বের ২৪ শতাংশ জিডিপি-এর জোগান দিত। ভারত ছিল তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ। তাঁর রাজত্বের সময়কালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলে বিবেচিত হয়। শাহজাহান তাঁর প্রধান বেগম সম্রাজ্ঞী মুমতাজ মহলের প্রতি গভীর ভালোবাসার নিদর্শন স্বরূপ বিশ্ববিশ্রুত আগ্রার তাজমহল নির্মাণ করেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহল সম্পর্কে উক্তি করেছিলেন, "তাজমহলের পাষাণ দেখেছো, দেখেছো কি তার প্রাণ? অন্তরে তার মুমতাজ রানি, বাইরেতে শাজাহান!" তাজমহল হল পৃথিবীর অষ্টম আশ্চর্যের এক আশ্চর্য। এছাড়াও শাহজাহানের স্থাপত্য কীর্তিগুলো হল: জামা মসজিদ, শাহজাহান মসজিদ, মতি মসজিদ, শালিমার গার্ডেন, ওয়াজির খান মসজিদ, দেওয়ান-ই-আম, দেওয়ান-ই-খাস এবং ময়ূর সিংহাসন। শাহজাহানের রাজত্বকালেই সোনা, রুপো এবং তামা--এই তিন ধরনের ধাতুর মুদ্রা প্রচলিত ছিল।

শেষজীবন

[সম্পাদনা]

সমসাময়িক ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ারের বিবরণ থেকে জানা যায় যে, সম্রাট শাহজাহানের শেষ জীবন সুখের ছিল না। ১৬৫৮ খ্রিস্টাব্দে শাহজাহান ও মুমতাজ মহলের তৃতীয় পুত্র ঔরঙ্গজেব তাঁর ভ্রাতাদের পরাজিত করে সম্রাট শাহজাহানকে আগ্রা দুর্গে গৃহবন্দি করে রাখেন এবং নিজেকে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন। গৃহবন্দি হলেও শাহজাহানের যাবতীয় ইচ্ছা পূরণ করা হোত। শাহজাহান বন্দি অবস্থায় থেকেও তাজমহল দর্শন করতেন এবং ধর্মকর্ম করতে পারতেন। শেষ সময়ে একমাত্র তাঁর কন্যা জাহানারা পাশে থেকে তাঁর দেখভাল করছেন। গৃহবন্দি অবস্থাতেই ১৬৬৬ খ্রিস্টাব্দের ২২ জানুয়ারি সম্রাট শাহজাহান শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটি হল ভারতের তাজমহল