বিষয়বস্তুতে চলুন

উইকিশৈশব:বিখ্যাত ভারতীয়/শচীন তেন্ডুলকর

শচীন তেন্ডুলকর
(জন্ম: ১৯৭৩)

শচীন রমেশ তেন্ডুলকর হলেন একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং রাজ্যসভার সদস্য। তিনি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ মানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। মাত্র ষোলো বছর বয়সে শচীনের ক্রিকেট খেলায় অভিষেক হয় এবং দীর্ঘ চব্বিশ বছর তিনি আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট মিলিয়ে শততম শতরানের মালিক। শচীন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দ্বিশত রান করেন। তিনি সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে মোট ৫০,০০০ রান করেন।

জন্ম ও ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

শচীন তেন্ডুলকর ১৯৭৩ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল মুম্বইতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রমেশ তেন্ডুলকর একজন মারাঠি ঔপন্যাসিক ছিলেন। তাঁর মা রজনী তেন্ডুলকর বিমা কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রখ্যাত ভারতীয় সংগীতজ্ঞ শচীন দেববর্মণের নামানুসারে শচীনের নাম রাখা হয়। ১৯৯৫ খ্রিস্টাব্দের ২৪ মে শিশু বিশেষজ্ঞ ডা. অঞ্জলি মেহতার সঙ্গে শচীন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের কন্যা সারা এবং পুত্র অর্জুন।

ছোটোবেলায় শচীন টেনিস খেলার প্রতি আকৃষ্ট হলেন তাঁর দাদা অজিত তাঁকে বিখ্যাত ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকরের কাছে নিয়ে যান। গুরু আচরেকর তাঁকে ক্রিকেট খেলায় শিক্ষাদান শুরু করেন। ১৯৮৮ খ্রিস্টাব্দে প্রতিটি ইনিংসে তিনি শতরান করেন। লর্ড হ্যারিস আন্তঃস্কুল প্রতিযোগিতায় বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে পার্টনারশিপে ৬৬৪ রান করেন। ওই খেলায় শচীন ইনিংসে অপরাজিত ৩২৬ রান করেন।

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

১৯৮৯ খ্রিস্টাব্দে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৬ বছর ২২৩ দিন বয়সে তাঁর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। ১৯৯০ খ্রিস্টাব্দে ইংল্যান্ড সফরে জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট শতরান করেন। ১৯৯৪ খ্রিস্টাব্দে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে প্রথম শতরান করেন। টেস্টে প্রথম দ্বিশতরান করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৯৮ খ্রিস্টাব্দে। ২০১০ খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান করেন। বিশ্ব টেস্ট ক্রিকেটে শচীন ২০০ ম্যাচ খেলে ৫১টি শতরানসহ সর্বাধিক ১৫,৯২১ রান করেন। একদিনের আন্তর্জাতিকে ৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি শতরানসহ ১৮,৪২৬ রান করেন। ২০১২ খ্রিস্টাব্দে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে শচীন বিশ্বের বিরল কৃতিত্ব আন্তর্জাতিক শততম শতরান অর্জন করেন।

সাংসদ

[সম্পাদনা]

শচীন তেন্ডুলকর ২৭ এপ্রিল ২০১২ থেকে ২৬ এপ্রিল ২০১৮ পর্যন্ত ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন। উপস্থিতি কম থাকলেও তিনি সাংসদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তাঁর এমপি ল্যাডের সব টাকাই বিভিন্ন প্রকল্পের কাজে বরাদ্দ এবং ব্যবহৃত হয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, সাংসদ তহবিলের অর্থে তিনি অন্ধ্রপ্রদেশের গ্রাম পুট্টামরাজু কান্দ্রিগড় দত্তক নিয়ে সার্বিক উন্নতি ঘটান। এছাড়া তাঁর সাংসদ থাকাকালীন সময়ের যাবতীয় সাম্মানিক অর্থ তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন।

সমাজসেবা

[সম্পাদনা]

শচীন তেন্ডুলকর ও তাঁর স্ত্রী ডা. অঞ্জলি তেন্ডুলকর তাঁদের নিজস্ব সংস্থা শচীন তেন্ডুলকর ফাউন্ডেশনের মাধ্যমে ভারতের ১৫টির বেশি রাজ্যে প্রায় ততোধিক এনজিও এবং সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছেন।

সম্মাননা ও পুরস্কার

[সম্পাদনা]

খেলাধুলোয় ভারতের সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধি খেলরত্ন, অর্জুন পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ ছাড়াও এই জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ভারত সরকার দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দিয়ে ভূষিত করে ৪ ফেব্রুয়ারি ২০১৪ খ্রিস্টাব্দে। বিদেশে অন্যান্য পুরস্কারের মধ্যে লন্ডনে দ্য এশিয়ান অ্যাওয়ার্ড, আইসিসি হল অব ফেমে শচীনের নাম নথিভুক্ত হয়।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শচীন রমেশ তেন্ডুলকরকে 'ভারতরত্ন' মানপত্র প্রদান করছেন। ৪ ফেব্রুয়ারি ২০১৪