বিষয়বস্তুতে চলুন

উইকিশৈশব:বিখ্যাত ভারতীয়/ইন্দিরা গান্ধি

ইন্দিরা গান্ধি
(১৯১৭ - ১৯৮৪)

ইন্দিরা গান্ধি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী। আবার, তিনি ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এবং ভারতের তৃতীয় সর্বোচ্চ মেয়াদ উত্তীর্ণ করা প্রধানমন্ত্রী।

জন্ম ও ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৯১৭ খ্রিস্টাব্দের ১৯ নভেম্বর এলাহাবাদ শহরে ইন্দিরা গান্ধির জন্ম হয়। তাঁর পিতা ছিলেন জওহরলাল নেহরু, যিনি ছিলেন ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তি, যিনি পরবর্তীকালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন। তাঁর মায়ের নাম কমলা নেহরু। ইন্দিরা ছিলেন মা-বাবার একমাত্র সন্তান (তাঁর একমাত্র ছোটো ভাই শৈশবেই মারা যান)। প্রাথমিকভাবে ইন্দিরা বাড়িতে গৃহশিক্ষকের কাছে শিক্ষালাভ করেন। তিনি পড়াশোনা করেন দিল্লির মডার্ন স্কুল, এলাহাবাদের সেন্ট সিসিলিয়া'জ ও সেন্ট মেরি'জ ক্রিশ্চিয়ান কনভেন্ট স্কুল, জেনেভার ইন্টারন্যাশনাল স্কুল, বেক্সের একোল নউভেল এবং অধুনা মুম্বই বিশ্ববিদ্যালয় অনুমোদিত পুণা ও মুম্বইয়ের পিউপিল'স অন স্কুলে। তিনি তাঁর মা কমলা নেহরুর সঙ্গে কিছুকাল রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠে বাস করেন। সেখানে ইন্দিরার অভিভাবক ছিলেন স্বামী রঙ্গনাথানন্দ। এছাড়া কিছুকাল তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতীতেও পড়াশোনা করেন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে এক আলাপচারিতায় তিনি ইন্দিরার নাম রাখেন 'প্রিয়দর্শিনী ইন্দিরা নেহরু'। ওই নামেই তিনি সমধিক প্রসিদ্ধ। মায়ের মৃত্যু, নিজের স্বাস্থ্যভঙ্গ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আগ্রাসন--এই সমস্ত কারণে ইন্দিরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অসমাপ্ত রেখে ভারতে ফিরে আসেন। পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিগ্রি প্রদান করে। ২০১০ খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে দশজন অক্সেশিয়ানের (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী বিশিষ্ট এশীয়) তালিকাভুক্ত করে। ইংল্যান্ডে থাকাকালীন সময়ে ইন্দিরার গুজরাতের এক জরথুস্ট্রবাদী পার্সি পরিবারের সন্তান ফিরোজ শা-এর পরিচয় হয় এবং ভালোবাসা জন্মে। ফিরোজ সেই সময় লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পাঠরত ছিলেন। এলাহাবাদে দুজনে ব্রাহ্ম মতে পরিণয়সূত্রে আবদ্ধ হন। ফিরোজ ও ইন্দিরা গান্ধির দুই পুত্র রাজীব গান্ধি (১৯৪৪-১৯৯১) এবং সঞ্জয় গান্ধি (১৯৪৬-১৯৮০)।

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৬৪ খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর মৃত্যুর পর ইন্দিরা গান্ধিকে রাজ্যসভার সদস্যরূপে নিয়োগ করা হয় এবং তিনি প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৬৬ খ্রিস্টাব্দে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচনে তিনি মোরারজি দেশাইকে পরাজিত করে ভারতের প্রধানমন্ত্রী হন। এরপর তিনি একাদিক্রমে ১৯৭৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ওই পদে আসীন ছিলেন। উক্ত সময়কালে তাঁর নেতৃত্বে কংগ্রেস যে নীতিগুলি গ্রহণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল, দেশীয় রাজাদের রাজন্য ভাতা বিলোপ এবং ১৯৬৯ খ্রিস্টাব্দে ভারতের চোদ্দোটি ব্যাংক জাতীয়করণ। ১৯৭১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতের চূড়ান্ত বিজয় ছিল ইন্দিরা গান্ধির সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কীর্তি। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দুই সপ্তাহে। বলা বাহুল্য যে, এই যুদ্ধের পরই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়। কথিত আছে যে, সেই সময় ভারতের বিরোধী দলনেতা অটলবিহারী বাজপেয়ী তাঁকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর রাজত্বকালের সবচেয়ে খারাপ দিক হল ১৯৭৫ খ্রিস্টাব্দে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি। যখন বেশির ভাগ বিরোধী নেতা গ্রেফতার হয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করে খবর সেন্সর করা, ইত্যাদি।

১৯৬৭-১৯৭৭ এবং ১৯৮০-১৯৮৪ সর্বমোট পনেরো বছর ইন্দিরা গান্ধি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৮৪ খ্রিস্টাব্দের জুন মাসে তাঁর আদেশে শিখদের পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দিরকে সন্ত্রাসবাদীদের কবজা থেকে মুক্ত করার জন্যে ভারতীয় সেনা হানা দেয়। 'অপারেশন ব্লুস্টার' নামে ওই অভিযানে শিখ জঙ্গিদের সঙ্গে অনেক নিরপরাধ তীর্থযাত্রীরও মৃত্যু হয়। তার খেসারত দেন ইন্দিরা; সেই বছরেই ৩১ অক্টোবর তাঁর নিজের দেহরক্ষীদের হাতেই তিনি প্রাণ হারান।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে 'বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা' প্রদান করে। ভারত সরকার কর্তৃক ইন্দিরা গান্ধি এদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন' অর্জন করেছিলেন।