বিষয়বস্তুতে চলুন

উইকিশৈশব:বিখ্যাত ভারতীয়/অশোক

অশোক


(রাজত্বকাল: আনুমানিক ২৭৩ থেকে ২৩২ খ্রিস্টপূর্বাব্দ)

সম্রাট অশোক হলেন ভারতীয় উপমহাদেশের তৃতীয় মৌর্য সম্রাট। পিতা বিন্দুসারের পর তিনি সিংহাসনে আরোহণ করেন। ২৭৩ থেকে ২৩২ খ্রিস্টপূর্বাব্দ তাঁর রাজত্বকাল ধরা হয়। তাঁর মায়ের নাম সুভদ্রাঙ্গী। তিনি অশোক মৌর্য, মহামতি অশোক এবং প্রিয়দর্শী উপাধিতে ভূষিত ছিলেন। ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাট দক্ষিণ ভারতের কিছু অংশ বাদ দিয়ে অধিকাংশ ভারতের শাসক ছিলেন। সেজন্য তাঁকে সর্বভারতীয় সম্রাট বলা হয়ে থাকে। তিনি শুধু বর্তমান ভারত ও পার্শ্ববর্তী দেশগুলো শাসনই করেন নি। অধিকন্তু ওই সব অঞ্চলের সাংস্কৃতিক প্রভাবেও অবদান রেখে গিয়েছেন। সাম্রাজ্যের বাইরেও অশোক ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন। অশোকের শিলালিপিতে উল্লেখ আছে যে, তাঁর অষ্টম রাজ্যাভিষেকের সময় (প্রায় ২৬০ খ্রিস্টপূর্বাব্দ) তিনি এক ভয়াবহ যুদ্ধের পরই কলিঙ্গ জয় করেছিলেন। সেই সময় যুদ্ধোন্মাদনার জন্য তাঁকে চণ্ডাশোক বলা হত। পরবর্তীতে অশোক ধর্মীয় অনুভূতি ও ন্যায়নিষ্ঠার দিকে ঝুঁকে পড়েন। যে বিষয়টি তাঁর শিলালিপির বিষয়বস্তু ছিল। শিলালিপি থেকে জানা যায় যে, কলিঙ্গ যুদ্ধের কয়েক বছর পর থেকেই তিনি ধীরে ধীরে বৌদ্ধধর্মের প্রতি আকৃষ্ট হন।

বৌদ্ধ কাহিনিগুলি অশোককে বিপুল সংখ্যক স্তূপ নির্মাণ, তৃতীয় বৌদ্ধ সংগীতির পৃষ্ঠপোষকতা, বৌদ্ধ ধর্ম প্রচারকদের সহায়তা এবং বৌদ্ধ সংঘকে উদারভাবে অনুদান প্রদানের কৃতিত্ব দেয়।

ঐতিহাসিক সম্রাট হিসেবে অশোক প্রায় বিস্মৃত হয়ে পড়েছিলেন। কিন্তু উনিশ শতকের ব্রাহ্মী লিপিতে লেখা উৎসসমূহের পাঠোদ্ধার করার পর থেকে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হিসেবে খ্যাতি অর্জন করেন। আধুনিক ভারতের রাষ্ট্রচিহ্ন অশোক স্তম্ভ তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। অশোক চক্রকে ভারতের জাতীয় পতাকার কেন্দ্রস্থলে স্থাপনা করা হয়েছে।

অশোক স্তম্ভ
ঘূর্ণায়মান অশোক চক্র