বিষয়বস্তুতে চলুন

উইকিশৈশব:বিখ্যাত ভারতীয়/অমর্ত্য সেন

অমর্ত্য সেন
(জন্ম: ১৯৩৩)

ভারতরত্ন অমর্ত্য সেন হলেন এশিয়ার প্রথম নোবেলজয়ী বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় বাঙালি নোবেল পুরস্কার প্রাপক। অমর্ত্য সেনের জন্ম ৩ নভেম্বর ১৯৩৩, শান্তিনিকেতনে। তাঁর বাবার নাম আশুতোষ সেন এবং মা অমিতা সেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নামকরণ করেছিলেন অমর্ত্য, যার অর্থ অমর। তাঁর বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক; তাঁর দাদামশাই সেযুগের প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত ক্ষিতিমোহন সেন ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য (১৯৫৩-৫৪)।

অমর্ত্য সেন পাঠ শুরু করেছিলেন ঢাকার গ্রেগরিজ স্কুল এবং শান্তিনিকেতনের পাঠভবন থেকে। ১৯৫১ খ্রিস্টাব্দে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে স্নাতক ডিগ্রি লাভ করেন। প্রেসিডেন্সি কলেজে পাঠরত অবস্থাতেই তাঁর মুখে মারণরোগ ক্যান্সার ধরা পড়ে এবং পাঁচ বছর বাঁচার ১৫ শতাংশ সম্ভাবনা দেখা দেয়। তবে বিকিরণ চিকিৎসা পদ্ধতির কল্যাণে তিনি রোগমুক্ত হন এবং ১৯৫৩ খ্রিস্টাব্দে কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়তে যান। ১৯৫৫ খ্রিস্টাব্দে তিনি অর্থনীতিতে প্রথম বিভাগে শীর্ষ স্থান দখল করেন। কেমব্রিজে পাঠকালীন সময়েই অমর্ত্য সেন কলকাতার নবপ্রতিষ্ঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপকের পদ সামলানোর দায়িত্ব পান। আর সেটাও মাত্র ২৩ বছর বয়সে! ১৯৫৬ থেকে ১৯৫৮ পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।

প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করার সময়ই অমর্ত্য সেনের দর্শনশাস্ত্রের প্রতি ভালো লাগার শুরু। ঘটনাচক্রে, ট্রিনিটি কলেজে তাঁকে ফেলোশিপ প্রদান করা হয়। যার ফলে তিনি সেখানে দর্শনশাস্ত্রে চার বছরের পাঠ নেন। এটা তাঁর ভবিষ্যৎ ভাবনা-চিন্তার বিকাশের ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিয়েছিল।

অমর্ত্য সেন ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা-প্রধান অধ্যাপক, ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ। ১৯৬০-৬১ খ্রিস্টাব্দে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, কর্নেল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলেতে ভিজিটিং অধ্যাপক ছিলেন; হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট প্রফেসর; কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

অমর্ত্য সেন ২০টির বেশি বই লিখেছেন এবং তাঁর গ্রন্থাবলি বিশ্বের ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।

অমর্ত্য সেন স্বীকার করেন যে, ১৯৫২-৫৩ খ্রিস্টাব্দে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কলেজ ইউনিয়নে বামপন্থী রাজনৈতিক আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছিলেন।

অমর্ত্য সেন ১০২টি সম্মানসূচক ডিগ্রি লাভ করেছেন। তিনি ১৯৯৮ খ্রিস্টাব্দে অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেন এবং ১৯৯৯ খ্রিস্টাব্দে ভারত সরকার তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন' প্রদান করে।

১৯৫৮ খ্রিস্টাব্দে অমর্ত্য সেন ভারতীয় লেখিকা নবনীতা দেবকে বিবাহ করেন। তাঁদের দুই কন্যাসন্তান অন্তরা আর নন্দনা। ১৯৭৮ খ্রিস্টাব্দে তিনি ইতালীয় অর্থনীতিবিদ ইভা কলর্নিকে বিবাহ করেন। তাঁদের এক কন্যা ইন্দ্রানী এবং এক পুত্র কবির। ১৯৮৫ খ্রিস্টাব্দে ইভার মৃত্যু হয়। ১৯৯১ খ্রিস্টাব্দে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এমা জর্জিনা রথসচাইল্ডকে বিবাহ করেন।

শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়িটার নাম 'প্রতীচী'। আর এই নামেই তিনি 'প্রতীচী ট্রাস্ট' একটি এনজিও প্রতিষ্ঠা করেছেন, যেটা সমাজের কল্যাণে উৎসর্গিত।