উইকিশৈশব:বিখ্যাত ভারতীয়/অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন-বাঙালি অর্থনীতিবিদ। তাঁর জন্ম ১৯৬১ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি মুম্বইতে। তাঁর বাবার নাম দীপক বন্দ্যোপাধ্যায় এবং মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। তাঁর পিতা ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির বিভাগীয় প্রধান, অধ্যাপক; আর মা ছিলেন কলকাতার সেন্টার ফর সোশ্যাল সায়েন্সের অর্থনীতির অধ্যাপক। কলকাতার সঙ্গে ছিল তাঁর আত্মিক যোগ। কলকাতার সাউথ পয়েন্ট স্কুল এবং প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ সম্পন্ন করেন। জেএনইউতে পড়ার সময় তৎকালীন উপাচার্য পিএন শ্রীবাস্তবকে ঘেরাও করে বিদ্রোহ করার অপরাধে তাঁকে তিহার জেলে বন্দি করা হয়। পরবর্তীকালে জামিনে মুক্ত হন এবং ছাত্রদের ওপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়। এর পর অর্থনীতিতে পিএইচডি করার জন্য তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে যান এবং 'এসেজ ইন ইনফর্মেশন ইকোনমিক্স'এ পিএইচডি সম্পূর্ণ করেন।
২০১২ খ্রিস্টাব্দে 'পুয়োর ইকোনমিক্স' বইয়ের জন্য এস্তার দুফ্লো এবং অভিজিৎ যুগ্মভাবে জেরাল্ড লুয়েব অ্যাওয়ার্ড লাভ করেন। ২০১৪ খ্রিস্টাব্দে তিনি কিইল ইন্সটিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি থেকে বার্নহার্ড হামস পুরস্কার পান। ২০১৫ খ্রিস্টাব্দে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুন কর্তৃক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বিশেষজ্ঞ প্যানেলে কাজের জন্য নিয়োগপ্রাপ্ত হন। ২০১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতীয় নাগরিক ছিলেন। ২০১৭ খ্রিস্টাব্দেই তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। বৈশ্বিক দারিদ্রতা দূরীকরণে অসামান্য অবদানের জন্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী এস্তার দুফ্লো এবং মাইকেল ক্রেমার সঙ্গে ২০১৯ খ্রিস্টাব্দে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পান।
এমআইটির সাহিত্য বিভাগের প্রভাষক ড. অরুন্ধতী তুলি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিবাহসূত্রে আবদ্ধ হন। পরবর্তীতে এমআইটির অর্থনীতির অধ্যাপক এস্তার দুফ্লোকে বিবাহ করেন; যিনি ছিলেন তাঁর অর্থনৈতিক গবেষণায় সঙ্গীও। এবং যাঁকে সঙ্গে নিয়ে একাধিক অর্থনীতির বই লিখেছেন অথবা সম্পাদনা করেছেন।