উইকিশৈশব:ছোটোদের শ্রীরামকৃষ্ণ/সাধনা
সারদামণির সঙ্গে বিবাহের পর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে আসেন। ওই সময় তাঁর ভাবতন্ময়তা বাড়তে থাকে। তিনি সকল জাতির মানুষকে সমান চোখে দেখতেন। ব্রাহ্মণের নানা আচার-বিচারে তৎকালীন সমাজে নীচু জাতিকে দূরে সরিয়ে রাখা হয়। কিন্তু তিনি ইচ্ছা করেই নিম্নবর্গের মানুষের হাতে অবলীলায় খাদ্যগ্রহণ করতেন এবং তাদের নিজহাতে সেবাযত্ন করতেন। সম্পদের প্রতি তাঁর কোনো মোহ ছিল না। সোনা ও রুপোর মুদ্রাকে মাটির ঢেলার সঙ্গে তুলনা করতেন। বলতেন, "টাকা মাটি, মাটি টাকা"। এমনকি ঘুমন্ত অবস্থায় যদি কেউ তাঁর গায়ে মুদ্রা ছোঁয়াত, তাঁর দেহ কুঁকড়ে যেত। তাঁর ঘুম ভেঙে যেত। আশপাশের মানুষ ভাবত তিনি পাগল হয়ে গিয়েছেন। এমনকি তাঁকে 'পাগল ঠাকুর'ও বলা হত। এই অবস্থায় মন্দিরের কাজে বিঘ্ন হওয়ায় তাঁকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলেন, এটা আধ্যাত্মিক উত্তেজনা, কোনো ওষুধ এতে কাজ করবে না।
১৮৬১ খ্রিস্টাব্দে যোগেশ্বরী নামে এক ভৈরবী ব্রাহ্মণী যোগিনী দক্ষিণেশ্বরে আসেন। শ্রীরামকৃষ্ণের ভারতন্ময়তা ও দৈহিক পীড়ার অবসানের জন্য তিনি তাঁকে তন্ত্রমতে সাধনা করতে নিদান দেন। ভৈরবীর সহায়তায় তিনি ৬৪ প্রকার সাধন অভ্যাস করেন এবং তাতে সিদ্ধিলাভ করেন। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্তিশাস্ত্র অনুযায়ী শান্ত, দাস্য সখ্য ইত্যাদি ভাবের অভ্যাস করেন।
রামকৃষ্ণদেব হিন্দু আধ্যাত্মিক ধর্মমতের বাইরে মুসলমান ও খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী হন। এর জন্য তিনি মসজিদ ও গির্জায় গিয়েছেন অনুসন্ধিৎসু মন নিয়ে। লুঙ্গি পরে মসজিদ ভ্রমণ করেছেন এবং গির্জায় গিয়ে উপাসনা করেছেন। বিভিন্ন ধর্মের অবস্থান বোঝাতে তিনি বলেছিলেন যে, "পাহাড়ের চূড়ায় ওঠার রাস্তা আলাদা আলাদা, কিন্তু আসল লক্ষ্য হল চূড়ায় পৌঁছানো। ঠিক তেমনই ধর্মমত আলাদা আলাদা, কিন্তু লক্ষ্য এক--ঈশ্বরলাভ!" তাঁরই উক্তি, "যত মত, তত পথ"।