উইকিশৈশব:কণা/প্রসারণ না সংকোচন?
তুমি কি কখনও লক্ষ্য করেছো যে রেললাইন এবং ফ্লাইওভারে ছোট ছোট ফাঁক থাকে? গ্রীষ্মকালে যখন পদার্থ প্রসারিত হয় তখন পদার্থটি যাতে বাঁকতে বা ভেঙে না যায় সেজন্য এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে। পদার্থ সর্বদা প্রসারিত হয়, অথবা উত্তপ্ত হলে বড় হয়। একে তাপীয় সম্প্রসারণ বলা হয়। পদার্থ ঠান্ডা হলে সংকুচিত হয়, অথবা ছোট হয়ে যায়। একে তাপীয় সংকোচন বলা হয়। তাপীয় সম্প্রসারণ এবং সংকোচন আমাদের দৈনন্দিন জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে এবং কণা মডেল দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে।
ব্যাখ্যা
[সম্পাদনা]গত অধ্যায় থেকে, তোমাদের কি মনে আছে তাপের কারণে কণাগুলো যত বেশি গতিশীল হতো, বেলুনের ভেতরে বাতাসের আয়তন তত বেশি প্রসারিত হতো এবং বাতাসের ঘনত্ব কমে যেত? তাপীয় প্রসারণের কারণেই এমনটা হয়। যখন কণাগুলো আরও বেশি গতিশীল হতো, তখন তারা আরও বেশি স্থান দখল করতো কারণ তাদের চলাচলের জন্য আরও বেশি স্থানের প্রয়োজন হতো। নিচের চিত্রটি দেখ,
দ্বিধাতুক স্ট্রিপ
[সম্পাদনা]
একটি দ্বিধাতুক স্ট্রিপ দুটি পৃথক ধাতুর স্ট্রিপ দিয়ে তৈরি যা একসাথে আটকে থাকে। উত্তপ্ত হলে এই দুটি স্ট্রিপ ভিন্ন পরিমাণে প্রসারিত হয়। সুতরাং, যখন স্ট্রিপটি উত্তপ্ত করা হয়, তখন একটি স্ট্রিপ অন্যটির চেয়ে দীর্ঘ হবে। অতএব, দ্বিধাতুক স্ট্রিপটি বেঁকে যাবে। একটি উদাহরণ হলো লোহা এবং পিতল।

দ্বিধাতুক স্ট্রিপ দৈনন্দিন জীবনে তাপ সনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়, যেমন স্বয়ংক্রিয় অগ্নিসংকেত ব্যবস্থা এবং তাপস্থাপকে। একটি তাপস্থাপক হল একটি ছোট যন্ত্র যা বিভিন্ন গৃহস্থালী যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। যখন এটি অতিরিক্ত গরম হয় তখন এটি স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রটিকে বন্ধ করে দেয়। এই ধরনের যন্ত্রগুলোতে, দ্বিধাতুক স্ট্রিপ একটি সার্কিট সম্পূর্ণ করতে বা বিচ্ছিন্ন করতে বেঁকে যায়। একটি সার্কিট বলতে বোঝায়,যে পথ দিয়ে বিদ্যুৎ তার উৎস থেকে প্রবাহিত হয়। তাপস্থাপকে সার্কিটটি বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে এটি যে যন্ত্রটিতে ব্যবহৃত হয় তা আর কাজ করতে পারে না। স্বয়ংক্রিয় অগ্নিসংকেত ব্যবস্থা এটির বিপরীত: এর ফলে সার্কিটটি সম্পন্ন হয় যাতে ঘণ্টা বাজতে পারে এবং সবাই সতর্ক হতে পারে।
কুইজ
[সম্পাদনা]- একটি চিত্র আঁকার চেষ্টা করো, যেখানে দেখাবে ফায়ার এলার্ম কীভাবে কাজ করে।
- সত্য না মিথ্যা?
- কিছু গৃহস্থালী যন্ত্রপাতি অতিরিক্ত গরম হলে, তাদের ভেতরের দ্বিধাতুকীয় স্ট্রিপ সংকুচিত হবে।
- তাপীয় প্রসারণ কেবল তরল এবং কঠিন পদার্থের মধ্যেই সীমাবদ্ধ।
- তরল পদার্থ কঠিন পদার্থের মতো ঘন নয়।
- "সত্য না মিথ্যা?" এর উত্তর
- মিথ্যা
- মিথ্যা। তাপীয় প্রসারণ সকল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য।
- সত্য। কণা যত বেশি গরম হয় এবং বেশি নড়াচড়া করে, তাদের মধ্যে ফাঁকা স্থানগুলি বড় হয় তাই তারা কম ঘন হয়। যদিও পানি একটি ব্যতিক্রম; তরল পানি বরফের চেয়ে ঘন।