আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস/উপেন্দ্রনাথ দাস
অবয়ব
উপেন্দ্রনাথ দাস (১৮৪৮—১৮৯৫) রচিত শরৎ-সরোজিনী (১৮৭৪) ও সুরেন্দ্র-বিনোদিনী (১৮৭৫) নাটক দুটি এক সময়ে বাংলা রঙ্গমঞ্চে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। অবশ্য তার কারণ এগুলির নাট্যরস নয়, দেশপ্রেমের মোটা দাগের প্রকাশ। নায়ক-নায়িকার আগ্নেয়াস্ত্র ব্যবহার, ইংরেজদের প্রহার ও লাঞ্ছনা ইত্যাদি বহু রোমাঞ্চকর ঘটনায় নাটক দুটি ঠাসা ছিল এবং এই অতিনাটকীয়তাই ছিল এগুলির জনপ্রিয়তার কারণ। সাহিত্যবিচারে এগুলির মূল্য কিছুই নেই। কিন্তু বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে সুরেন্দ্র-বিনোদিনী নাটকটির একটি বিশেষ মর্যাদা আছে। এই নাটকের অভিনয়কে কেন্দ্র করেই ১৮৭৬ সালে এদেশে নাট্যাভিনয় আইন পাস হয়।